প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই ঐতিহাসিক অর্জনের পর স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক মঞ্চে দেশের উপস্থিতি প্রত্যাশিত ছিল।
Thank you for reading this post, don't forget to subscribe!তবে সিডনিতে অনুষ্ঠিত ড্র অনুষ্ঠান ও ফটোসেশনে বাংলাদেশের কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় উঠেছে নানা প্রশ্ন, সমালোচনার ঝড় উঠেছে ক্রীড়াঙ্গনে।
অস্ট্রেলিয়ার সিডনিতে নারী এশিয়ান কাপ ২০২৬-এর ড্র অনুষ্ঠানে অন্যান্য দেশের কোচ, অধিনায়ক ও কর্মকর্তারা অংশ নিলেও, সেখানে দেখা যায়নি বাংলাদেশের কাউকে। শুধু ফটোসেশন নয়, ড্র অনুষ্ঠানেও অনুপস্থিত ছিল বাফুফের কোনো প্রতিনিধি। অথচ ভেন্যু সাজানো হয়েছিল সিডনির আইকনিক অপেরা হাউসের সামনে, যেখানে অংশ নিয়েছে অস্ট্রেলিয়া, চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনামসহ প্রায় সব দেশের প্রতিনিধিরা।
বাফুফের এই অনুপস্থিতি নিয়ে ক্রীড়ামহলে উঠেছে পেশাদারিত্বের অভাবের অভিযোগ। অনেকেই প্রশ্ন তুলছেন, ইতিহাস গড়া এই টুর্নামেন্টের আগমুহূর্তে এমন আন্তর্জাতিক প্রচার সুযোগেও কেন দেখা গেল না বাংলাদেশের প্রতিনিধিদের?
এ বিষয়ে জানতে চাইলে বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ কোনো সুস্পষ্ট উত্তর দেননি, বরং দায়িত্ব চাপিয়ে দেন সভাপতি তাবিথ আউয়ালের ওপর। তার ভাষায়, “কেন কেউ যায়নি, তা নিয়ে কিছু বলতে পারব না। আপনি সভাপতিকে জিজ্ঞেস করতে পারেন।”
এদিকে, ট্রফি ফটোসেশনে অনুপস্থিত থাকলেও ড্র অনুষ্ঠানে অন্তত প্রতিনিধি রেখেছিল জাপান, উত্তর কোরিয়া, ইরান ও ফিলিপাইন। তবে বাংলাদেশের ক্ষেত্রে সেই উদ্যোগও দেখা যায়নি। এর ফলে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি একপ্রকার আড়ালেই থেকে গেল।
আগামী মার্চে অস্ট্রেলিয়ার তিনটি শহরে বসতে যাচ্ছে মেয়েদের ফুটবলের সর্ববৃহৎ মহাযজ্ঞ, নারী এশিয়ান কাপ। ড্রয়ে বাংলাদেশ রয়েছে চতুর্থ পটে। ফলে তারা পড়বে না ভারত বা ইরানের গ্রুপে। তবে এক নম্বর পটে থাকা অস্ট্রেলিয়া, জাপান বা উত্তর কোরিয়ার যেকোনো একটির মুখোমুখি হতে হতে পারে আফঈদা খন্দকারদের।
যেখানে অন্যান্য দেশ আন্তর্জাতিক এই আসরকে দেশীয় ফুটবলকে তুলে ধরার প্ল্যাটফর্ম হিসেবে দেখছে, সেখানে বাংলাদেশের অনুপস্থিতি অনেকের কাছেই ‘মিসড অপরচুনিটি’ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, মাঠের বাইরের এসব দৃষ্টিভঙ্গির পরিবর্তন না এলে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশ সত্যিকারের পেশাদার দল হিসেবে প্রতিষ্ঠা পাবে না।


















